
ফোরাতের তীরে—
কারবালা হুসাইন আসে ফিরে ফিরে
ফিরে আসে হুসাইন-ত্যাগ বারবার
জালিমের দিন শেষ, ক্ষমা নেই আর।
ইয়াজিদ ডুবে গেল পঙ্কিলতায়
সত্যের সূর্যও আঁধারে লুকায়
ক্ষমতার মসনদে গোমরাহি জাগে
জহর-কহর কেন খেজুরের বাগে!
মেতে ওঠে মুনাফিক পিশাচের দল
মিথ্যার ফুলঝুরি মেকি সম্বল
মানুষের মুখোশেই হায়েনার মুখ
ক্ষমতার লিপ্সায় মাতে উল্লুক।
হায় কারবালা—
নিয়তির ইতিহাসে নেই গুলে লালা
নেই সেই সাহাবীর পূর্ণিমা-চাঁদ
শান্তির পতাকায় ইয়াজিদ-দাদ।
ইবনে আনাস পশু সীমারের হাত
পৃথিবীর ইতিহাসে চির জুলমাত
ফোরাতের কূলে নামে সাহারার তাপ
বাঁচে না দুধের শিশু জিয়াদের পাপ।
শহীদের দরজায় হুসাইন-ফুল
আকবর আজগর কাসেম অতুল
হেসে হেসে জান্নাতি বরকতে নাম
চির ভাস্বর হুসাইন আঞ্জাম।
কী মুহাররম—
নেচে ওঠে শিরা-উপশিরা হরদম
শোহাদায়ে কারবালা আহলে বাইত
ইসলামে পূর্ণতা গড়ে তোলে ভীত।

