সানুবার বৃক্ষের পাতা কেঁপে কেঁপে ওঠে
সাভানার প্রান্তরে সকল নিস্তব্ধতা বিদীর্ণ করে—
নিঃসঙ্গতার আঁধারে আলো জ্বলে ওঠে।
সেই সে আলোর বাতাস ক্রমশ দীঘল শ্বাসে
নিয়ে আসে কখন কোন উৎসের স্নিগ্ধ শিশির
পবিত্র নামের স্মরণে বিশুদ্ধ বিশ্বাসে।
মরমর আওয়াজে ভেতর সরব
ভীষণ বিষন্নতার কাঁটাযুক্ত ডালে
নির্জনে বসে নিরবে ডাহুক ডাকে।
ভোরের শান্ত হাওয়া বিবাগী দাপটে
সাঁঝেরবাতি জ্বালায় পাতার কপাটে
ইসমে আজম ফুল হয়ে ফোটে।
ইশরাক, ৭ জিলক্বদ
মাসুক আহমেদ
মাসুক আহমেদ একজন সুফি ধারার কবি, সুফি গবেষক ও লেখক। নিজের সাথে দেখা তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ। তিনি সওতুল মদীনা পত্রিকার উপ-সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তারিফ পত্রিকার সম্পাদক ও সেন্টার ফর সুফি স্টাডিজ এন্ড রিসার্চ এর ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে বোস্তানুল বোরহান: সূফি ইমাম শায়খ বোরহানুদ্দীন র. জীবনকথা, রসূলে নুমা: সূফি ফতেহ আলী ওয়াইছী র. ইশকে রসূলের অমর সত্তা, মর্দে মুজাহিদ: সূফি নূর মুহাম্মাদ নিজামপুরী র. জীবনকথা , শায়খ মানযূর আহমাদ: জীবন ও কর্ম, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী: জীবন, দর্শন, তাজদীদ। এছাড়াও তিনি প্রফেসর ড. এম শমশের আলী রচিত বিজ্ঞান সূফি দর্শন ও রুমী বঙ্গানুবাদ এবং সায়্যিদ আহমাদ শহীদ বেরলভী (রহ.) স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন।

